গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক মারা গেছেন। নিহতদের মধ্যে বোরহান উদ্দিন (২৮), ঢাকা ক্যান্টনমেন্টের ভাষানটেক এলাকার বাসিন্দা মো. জালাল মিয়ার ছেলে। অপরজনের (২৫) পরিচয় জানা যায়নি।
নিহত বোরহানের বাবা জালাল মিয়া জানান, টঙ্গীর স্টেশনরোড এলাকায় কপিকল-এর দোকান রয়েছে বোরহানের। বোরহান সকালে গাজীপুর সিটির ইটাহাটা ভাওয়াল কলেজের পশ্চিমপাশে একটি ক্যাপ তৈরির কারখানা থেকে একটি মেশিন ট্রাকে তুলে দেয়ার চুক্তি নেয়। সে অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কপিকল দিয়ে মেশিন ট্রাকে তুলতে গিয়ে কপিকলের খুঁটিটি অসাবধানতা-বশত: উপরে ঝুলে থাকা বিদ্যুতের তারে লেগে যায়। এসময় ওই বোরহানসহ চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ওই দুইজনকে মৃত ঘোষণা করেন। জয়দেবপুর থানার এসআই উজ্জল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/জামান
