শ্রীরামসি গণহত্যা দিবস পালিত

আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৯:১৬
 
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামে মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যার ঘটনা স্মরণে শ্রীরামসি গণহত্যা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিবসটি উপলক্ষে শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে  শ্রীরামসি হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা আয়োজন করা হয়।
 
আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সকল শহীদদেরকে স্মরণ করছি, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করছি। তাঁর সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি সাহসী নেত্রী। দেশের উন্নয়নে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
 
তিনি আরো বলেন, আমরা শিক্ষিত জাতি সৃষ্টি করতে চাই। আমেরিকার মতো শক্তিশালী জাতি আমাদের দরকার নেই যারা অন্যের উপর বোমাবাজি করে। আমাদের তরুণরা পড়াশোনা করে দেশকে এগিয়ে নেবে, আগামীতে নেতৃত্ব দেবে।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। তিনি বলেন, পৃথিবীর বহু দেশ স্বাধীন হয়েছে টেবিলে আলোচনায় বসে। আমাদেরও একটি টেবিল ছিল, সেটা যখন পাকিস্তানির আত্মসমর্পণ করে তখন।  এই শ্রীরামসির ইতিহাস বুক পেতে প্রাণ দেয়ার ইতিহাস। পুকুরে-খালের পাড়ে নিয়ে নির্বিচারে সাধারণ মানুষদেরকে গুলি করে হত্যা করেছে হানাদাররা। মা'কে, বাবাকে, ছেলেমেয়েকে, শিশুকে নিদারুণ হত্যাকাণ্ডের স্বাক্ষী এ শ্রীরামসি। সেই রক্তের প্রতি শ্রদ্ধা।
 
তিনি আরো বলেন, এই আগস্ট মাস নিষ্ঠুর মাস। এই মাসে জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। পৃথিবীতে বাঙালি জাতির পিতার একটাই অপরাধ ছিল, তিনি বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন। সেসব কলঙ্ক পেছনে ফেলে জাতির পিতার জ্যেষ্ঠ সন্তানের নেতৃত্বে দেশ এগোচ্ছে।  বাংলাদেশ প্রমাণ করেছে, সাবাশ বাংলাদেশ, জ্বলেপুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। দেশ এখন সমৃদ্ধির সোপানের দিকে এগিয়ে যাচ্ছে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ্, আওয়ামীলীগ নেতা সিদ্দিক আহমেদ  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন। মোশাহিদ আলম ও মাহমুদ হোসেনের সঞ্চালনায়  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীরামসি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফজর আলী, শ্রীরামসি স্মৃতি সংসদের সভাপতি নূর মোহাম্মদ জুয়েল, সাবেক সভাপতি বাবুল মিয়া প্রমুখ।
 
এর আগে, সকালে কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অতিথিরা।
 
প্রসঙ্গত, ১৯৭১ সালের ৩১ আগস্ট সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামে পাকিস্তানি হানাদারদের দ্বারা গণহত্যা সংঘটিত হয়। এদিন নৌকাযোগে পাকসেনারা শ্রীরামসি বাজারে এসে স্থানীয় রাজাকারদের এলাকার মানুষদের বিদ্যালয়ে উপস্থিত করার জন্য নির্দেশ দেয় ও পরে তাঁদেরকে হত্যা করে। নিষ্ঠুর এই হত্যাকাণ্ডে শহীদ হন ১২৪ জন মানুষ।