বিএনপি আমলে সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে : নাসিম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ০০:১৩

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার কৃষক বান্ধব মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সারের জন্য কৃষককে এখন আর গুলি খেয়ে মরতে হয় না। সারের পেছনে নয়, সারই  কৃষকের পেছনে ঘুরছে। বর্তমান সরকার কৃষকের ঘরে ঘরে সার বীজ পৌঁছে দিচ্ছে।

 

বিএনপির নাম উল্লেখ না করেও তিনি বলেন, তাদের আমলে কৃষক সড়ক অবরোধ করে আন্দোলন করেছে, কৃষককে সারের জন্য গুলি খেয়ে মরতে হয়েছে। বর্তমান সরকার কৃষিতে বিপ্লব ঘটিয়েছে। খাদ্য উত্পাদন আগের তুলনায় বহুগুনে বেড়েছে। সম্প্রতিক বন্যায় খাদ্য উত্পাদনে কিছু ঘাটতি হলেও বিদেশ থেকে খাদ্য আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

তিনি বৃহস্পতিবার দুপুরে তার নির্বাচনী এলাকা কাজীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন চারা ও বীজ বিতরণ কালে এসব কথা বলেন। শেখ হাসিনার নেতৃত্বে এদেশে জঙ্গি দমন হয়েছে, উন্নয়ন হয়েছে, এই উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও জনগণকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি।

মন্ত্রী পরে আইসিটি পার্ক নির্মাণের সম্ভাব্য স্থান শিংলাবাড়ী পরিদর্শন করেন। এছাড়াও মন্ত্রী ভানুডাঙ্গা হাট খোলায় এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। এর আগে মন্ত্রী তার নির্বাচনী এলাকা কাজীপুরের বুরুঙ্গী, সীমান্ত বাজার, মহিষামোরা চৌরাস্তা, সোনামুখি এলাকায় গণসংযোগ করেন এবং আগাম ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ইত্তেফাক/নূহু