সবাইকে মিলেমিশে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। শনিবার সকালে নিজ গ্রাম ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ঈদগাহ ময়দানে ঈদের জামায়াতের নামাজ আদায়ের সময় ভূমিমন্ত্রী বলেন, 'ত্যাগের এ মাসে সকলকে হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে দেশ গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।'
মন্ত্রী বলেন, 'সকলকে ধৈর্যশীল হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মানুষকে সমানভাবে ভালোবাসেন। তাই সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সাথে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য কাজ করতে হবে।' সকাল পৌনে নয়টায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ অন্যান্য এলাকার মুসল্লিদের সাথে ঈদের জামায়াত নামাজে অংশ নেন। এসময় ঈদের জামাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ পাবনা ও ঈশ্বরদীবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান ভূমিমন্ত্রী।
ইত্তেফাক/জামান
