কক্সবাজারের টেকনাফে রবিবার দুপুরে তিন দালালকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা করার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
তারা হলো- হ্নীলার লেদা এলাকার হাফেজ আহমদের ছেলে শাহিন উদ্দিন (২৫), নবী হোসনের ছেলে আব্দুল্লাহ (১৯) এবং আমির হামজার ছেলে আবুল হাশেম (২৯)।
জানা যায়, ভোর রাতে ওই তিন দালাল রোহিঙ্গাদের আনতে নাফ নদীর তীরে মিয়ানমার সীমান্তে যায়। ওই দেশের নৌবাহিনী তাদের লক্ষ্য করে গুলি করলে তারা সাতরিয়ে বাংলাদেশে আসতে থাকে।
খবর পেয়ে লেদা বিওপির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. লাল মিয়ার নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদের নাফ নদী থেকে আটক করে। দালালরা জানায়, তারা দীর্ঘদিন ধরে চোরাইপথে রোহিঙ্গাদের সহায়তা করছে।
