অর্থনৈতিক মুক্তি অর্জন এখন প্রধান লক্ষ্য : স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৪
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এখন আমরা অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করছি। এ মুক্তি অর্জনই জাতির সামনে এখন প্রধান লক্ষ্য। 
 
সোমবার সচিবালয়স্থ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ সব কথা বলেন। 
 
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরূহা সুলতানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। 
 
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঈদুল আজহা ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ধর্মীয় উৎসব। ত্যাগের এই আদর্শকে ধারণ করে অর্থনৈতিক মুক্তি অর্জনে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। বাসস
 
ইত্তেফাক/ইউবি