মঠবাড়িয়ায় দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৫
 
মঠবাড়িয়া থানা পুলিশ রবিবার ও আজ সোমবার দুপুরে পৃথক দুটি মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি আবুল হোসেন (৩৫) ও শাহ আলম ফরাজিকে (৫০) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আবুল হোসেন উত্তর মিঠাখালী গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং শাহ আলম উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের নূর মোহাম্মদ ফরাজির ছেলে।
 
থানা সূত্রে জানা গেছে, আবুল হেসেন ফল ব্যবসার নামে মঠবাড়িয়া সদর হাসপাতাল এলাকার একটি বেসকারি সংস্থা (এনজিও) থেকে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। এরপর তিনি ওই ঋণের কিস্তি যথারীতি পরিশোধ না করে গা ঢাকা দেন। এ ঘটনায় ঋণের অর্থ উদ্ধারে ওই সংস্থাটি ২০১৪ সালে আদালতে একটি মামলা দায়ের করে। 
 
মামলায় আদালত তার অনুপস্থিতে পিরোজপুর যুগ্ম দায়রা জজ আদালতে জিআর ১১০ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা ও চার মাসের কারাদণ্ডের আদেশ দেয়। এরপর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
 
অপরদিকে, শাহ আলমের বিরুদ্ধে ২০০৩ সালে উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের মো. ইসমাইল হোসেন জমাদ্দার বাদি হয়ে ৪২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। আসামি পলাতক থাকা অবস্থায় আদালত তাকে এক বছরের কারাদণ্ডাদেশ দেয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
 
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত শাহ আলমকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আবুল হোসেনকে আগামীকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে। 
 
ইত্তেফাক/কেকে