নওগাঁর মান্দায় ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সনাতন কুমার সাহা ওরফে সোনা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সনাতন সাহা নওগাঁর নিয়ামতপুর উপজেলার আগোর গ্রামের রামপদ সাহার ছেলে। সোমবার বিকাল ৫টার দিকে দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তার মহানগর নিচপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক শিশির সাহা (৪৮) ও আরোহী রঘুনাথ মণ্ডল (৫০) আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, নিহত সনাতন সাহা, তার ভাই শিশির সাহা ও প্রতিবেশি রঘুনাথ মণ্ডল মোটরসাইকেল নিয়ে দেলুয়াবাড়ি বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। তারা মহানগর নিচপাড়া মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সনাতন সাহা মারা যান। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইত্তেফাক/কেকে
