রাজধানীর হাজারীবাগে তুচ্ছ ঘটনার জেরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিবহন শাখার কর্মী অরুন মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন তার শ্যালক লিটন মিয়া।
সোমবার বিকালে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ জিন্নাত আলী, তার দুই ছেলে ইব্রাহীম, মিটলসহ অজ্ঞাত ৪-৫ জন মিলে তাদের এলোপাতাড়ি কুপিয়েছে।
অরুন মিয়ার ছেলে বেলাল হোসেন জানান, তারা কলোনিতে বসবাস করেন। সোমবার জিন্নাত আলীর স্ত্রী রান্না করছিলেন। এ সময় তার মা পাইপ দিয়ে পানি নেয়ার সময় রান্না করা খাবারে পানি লেগে যায়। এতে করে তাদের মধ্যে ঝগড়া বাঁধে। এ সময় জিন্নাত তার ছেলে ইব্রাহীম, মিটলসহ আরো ৪-৫ জন দুইজনকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা অরুন মিয়াকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, লিটনের অবস্থাও আশঙ্কাজনক।
নিহত অরুন মিয়া বাবা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিবহন শাখায় কর্মরত ছিলেন। লিটন পরিচ্ছন্নকর্মী।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, অরুনের কোমরের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাতে লিটনের মাথায় গভীর ক্ষতের চিহ্ন হয়েছে।
হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান বলেন, তুচ্ছ ঘটনার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
