একাদশ জাতীয় সংসদ নির্বাচন

নির্বাচন ঘিরে ঠাকুরগাঁওয়ে চলছে নানা জল্পনা-কল্পনা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ০১:১৬

আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত ঠাকুরগাঁওয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচনের অনেকদিন বাকি থাকলেও নির্বাচন ঘিরে এখানে মানুষের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা নিজ নিজ জোটের মনোনয়ন লাভের আশায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি নিজ নিজ সংসদীয় আসনে গণসংযোগ অব্যাহত রেখেছেন। মনোনয়ন প্রত্যাশীদের শুভেচ্ছা জানানো পোস্টার, ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছে ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের অলি-গলিতে।

এখানকার তিনটি আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এক ডজন নেতা সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেদের নাম ঘোষণা করে দলীয় মনোনয়ন বাগাতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। তবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী একক বললেই চলে। মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশি হওয়ায় ক্ষমতাসীন দলটিকে যোগ্য প্রার্থী বাছাইয়ে সমস্যায় পড়তে হতে পারে। সে ক্ষেত্রে বিএনপির নেতৃত্বাধীন জোট কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকলেও যোগ্য প্রার্থী বাছাইয়ে তাদেরও হিমশিম খেতে হবে বলে অভিজ্ঞ মহলের ধারণা।

স্থানীয় নেতাকর্মীদের মতে, নির্বাচনে ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে যোগ্য প্রার্থী মনোনয়নে ব্যর্থ হলে ভরাডুবি হতে পারে ক্ষমতাসীন দলের। আর এ সুযোগ কাজে লাগিয়ে বিজয় ছিনিয়ে এনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট দখলে নিতে পারে এ আসন তিনটি।

বর্তমানে ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনের ঠাকুরগাঁও-১ ও ঠাকুরগাঁও-২ আওয়ামী লীগের এবং ঠাকুরগাঁও-৩ আসনটি ওয়ার্কার্স পার্টির দখলে রয়েছে। ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় জোটবদ্ধ ছাড়া এককভাবে চারটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত বেশ সক্রিয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে রয়েছে।

ইত্তেফাক/নূহু