ঠিকাদার নিচু করে দাউদকান্দি উপজেলার গৌরীপুর-লালপুর সড়ক পাকাকরণ কাজ শুরু করেছেন। এ কারণে কাজের শুরুতেই তা তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে। গৌরীপুর-লালপুর সড়কের এক কিঃমিঃ অংশ পাকাকরণের জন্য এলজিইডি ৬৫ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ করলে ঠিকাদারী প্রতিষ্ঠান ইশান এন্টারপ্রাইজের মালিক গিয়াসউদ্দিন আহমেদ কাজটি পান। ২০১৬ সালের ৫ মে কার্যাদেশ দেয়া হলে পাঁচ মাস পর ওই বছরেরই অক্টোবরে কাজ শুরু করেন। ঠিকাদার অত্যন্ত নিম্নমানের ইট এবং খোয়া এনে স্তূপ দেন। এতে দাউদকান্দি উপেজেলা প্রকৌশলী রুবাইয়াত জামান ক্ষুব্ধ হয়ে নিম্নমানের উপকরণগুলো সরিয়ে নিতে ঠিকাদারকে বাধ্য করেন। এ ঘটনার পর ঠিকাদার বেশ কিছুদিন সড়কটির নির্মাণ কাজ বন্ধ রাখেন। পাকা করার কাজের জন্য সড়কের বক্স কাটার সময় যে মাটি সরিয়ে ফেলা হয় তা বালু দিয়ে ভরাট করার কথা থাকলেও কাঙ্ক্ষিত ভরাট করা হয়নি। উঁচু করে বালু ভরাট না করায় নিচু জায়গাগুলো উঁচু না করায় সাব বেইস-এর কাজ চলাকালেই সড়কটির কোনো কোনো অংশ তিন ফুট পানির নিচে তলিয়ে যায়। দাউদকান্দি এলাকায় এবার স্বাভাবিক বর্ষার চেয়ে কমপক্ষে দুই ফুট পানি কম হওয়ার পরও নির্মাণাধীন এ সড়ক তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে।
উপজেলা প্রকৌশলী রুবাইয়াত জামান বলেন, দাউদকান্দিতে এবার বন্যা হয়নি। এমনকি স্বাভাবিক বর্ষার পানিও পুরোপুরি হয়নি সে অবস্থায়ই যেহেতু নির্মাণাধীন সড়কটি ডুবে গেছে সেহেতু নিচু অংশগুলো উঁচু করা হবে। নির্বাহী প্রকৌশলী, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ ব্যাপারে এলাকাবাসী দরখাস্ত করেছেন।
ইত্তেফাক/নূহু
