পিরোজপুরের মঠবাড়িয়া তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের পিছন থেকে হাবিব তালুকদার (৫৮) নামের এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে।
সোমবার দিবাগত রাত ২টার দিকে স্কুলের পিছন থেকে লাশটি উদ্ধার করা হয়। গত ৪ সেপ্টেম্বর সকালে হাবিব তালুকদার বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।
নিহত হাবিব তালুকদার উপজেলার ধানিশাফা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ধানিশাফা ইউনিয়নের উদয়তাড়া বুড়ির চর গ্রামের মৃত আবদুল ছত্তার তালুকদারের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন স্কুলের পিছনে লাশটি দেখতে পান। খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে হাবিব তালুকদারের দাড়ি ও পোশাক দেখে লাশ শনাক্ত করেন। রাত ২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, সকালে লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
ইত্তেফাক/নূহু
