ঢাকা-খুলনা বিশ্বরোডে ফরিদপুরের নগরকান্দার জয়বাংলা নামক স্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১০ বাস যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রবিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্রগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী শাহ পরান পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাসের চালকসহ ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় সড়কে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মুকসুদপুর, নগরকান্দা ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সরিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করে।
আরও পড়ুন: নুসরাতের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বলেন, ‘আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছি। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।’
ইত্তেফাক/কেকে

