ধুনটে ইয়াবাসহ গৃহবধূকে গ্রেফতার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৮
 
বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২৭০পিস ইয়াবাসহ রানু খাতুন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রানু খাতুন উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের জামাল উদ্দিন বাবুর স্ত্রী। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 
 
থানা সূত্রে জানা যায়, রানু খাতুনের স্বামী জামাল উদ্দিন বাবু ঢাকা-কক্সবাজার সড়কে বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত। কক্সবাজার এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট এনে নিজ বাড়িতে মজুদ রেখে স্ত্রী রানু খাতুন ও ছোট ভাই শফিকুল ইসলাম শুকুর আলীর মাধ্যমে দীর্ঘদিন ধরে ব্যবসা করেন। 
 
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রানু খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে জামাল উদ্দিন বাবু ও তার ছোট ভাই শফিকুল ইসলাম শুকুর কৌশলে পালিয়ে গেছেন।
 
এ ঘটনায় জামাল উদ্দিন বাবু, তার স্ত্রী রানু খাতুন ও ছোট ভাই শফিকুল ইসলাম শুকুরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের হয়েছে।
 
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন কুমার কুন্ড এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী রানু খাতুনের স্বামী ও দেবরকে গ্রেফতার চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/কেকে