সর্বাধিক ওয়ান ডে সেঞ্চুরিয়ানদের তালিকায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলি। সামনে এখন শুধু শচিন টেন্ডুলকারের করা ৪৯ সেঞ্চুরির রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে সেঞ্চুরির মাধ্যমে ওয়ানডেতে কোহলির সেঞ্চুরি এখন ৩০। ক্রিকেট বোদ্ধারা বলছেন, কোহলির পক্ষেই সম্ভব শচিনকে ছোঁয়া। কোহলি অবশ্য বলছেন, সেই গন্তব্য এখনো বহুদূর।
৩০তম ওয়ানডে সেঞ্চুরির পর কোহলি বলেন, ‘গ্রেট ম্যান (শচিন টেন্ডুলকার) এখনও আমার চেয়ে অনেক এগিয়ে। শচিনের কাছাকাছি পৌঁছতে গেলেও আমাকে দুর্দান্ত কিছু করতে হবে।’ তবে রিকি পন্টিংকে ছূঁতে পারাটাকেও গৌরবের হিসেবেই দেখছেন কোহলি। তিনি বলেন, ‘রিকি পন্টিংকে ছুঁতে পারাটা আমার কাছে বিরাট সম্মানের ব্যাপার। আমি অবশ্য এমন কোনও লক্ষ্য নিয়ে খেলি না। কিন্তু পন্টিং দারুণ খেলোয়াড় এবং এই কিংবদন্তিরা যে সব কীর্তি করে গিয়েছে, তা আমরা সম্মান করি।’
তবে রেকর্ড নয় দলের সাফ্যকেই গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে কোহলি বলেন, ‘আমি এখন এই সব কথা একেবারেই ভাবছি না। আমার কাছে সব সময় টিম আগে। আমি যদি ৯০ রানও করি আর টিম জেতে, তা হলেই আমার কাছে সেটা আসল ব্যাপার।’
ইত্তেফাক/কেআই
