মেহেরপুরে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১৭:০৯

মেহেরপুরে তাহের ক্লিনিকে আবারো ভুল চিকিৎসায় রিমা খাতুন (২০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। সিজারিয়ান অপারেশনের পর শনিবার রাত সাড়ে ৮টায় মৃত্যু হয় তার। রিমা খাতুন গাংনী উপজেলার হিজলবাড়িয়া মোল্লাপাড়ার রফিকুল ইসলামের মেয়ে। একই উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের রামদেবপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

রিমা খাতুনের ফুফা মারুফুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘রিমার প্রসব বেদনা উঠলে মেহেরপুর তাহের ক্লিনিকে ভর্তি করা হয়। দুপুর ১২টায় ক্লিনিক মালিক ডাক্তার আবু তাহের  রিমার সিজারিয়ান অপারেশন করান। অপারেশন থিয়েটার থেকে রিমা খাতুনকে বের করার পর রিমা ছটফট করতে থাকেন। এরপর রাত সাড়ে ৮টায় মারা যান তিনি।’

তিনি আরো বলেন, ‘রিমার ভুল অপারেশন করার কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।’

রিমার পরিবার জানায়, মৃত্যুর সংবাদ পেয়ে লাশ আনতে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার কিছুক্ষন পর তড়িঘড়ি করে তাহের ক্লিনিকের নিজস্ব এ্যাম্বুলেন্সে রিমার লাশ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় বিক্ষুদ্ধ জনতা ও স্থানীয় লোকজন এ্যাম্বুলেন্সসহ ড্রাইভারকে আটকে রাখে।

ডাক্তার আবু তাহের বলেন, দুপুর ১২টায় রিমার সিজারিয়ান অপারেশন করার পর একটি পুত্র সন্তান হয়। মা ও ছেলে সুস্থ ছিলো। সন্ধ্যার সময় গাংনীতে রোগী দেখতে গিয়েছিলাম। এরপর রিমার অসুস্থতার সংবাদ শুনে দ্রুত গাংনী থেকে মেহেরপুর অসি। তাকে চিকিৎসা দিয়েও বাঁচানো গেলো না।

মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার শামীম আরা নাজনীন জানান, ‘রবিবার সকালে ঘটনার বিষয়ে জেনে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।’

মেহেরপুর সদর থানার ওসি শাহ মোহাম্মদ দারা জানান, ‘রিমার পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুনঃ ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

উল্লেখ্য, ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের কৃষক আব্দুল খালেকের শরীরে ভুল ইনজেকশন প্রবেশ করার পর তার মৃত্যুর অভিযোগ করে স্বজনরা। এ ঘটনায় নিহত আব্দুল খালেকের স্বজনরা তাহের ক্লিনিক ভাংচুর করে।’

ইত্তেফাক/নূহু