ইউনিডোর মহাপরিচালক বুধবার ঢাকায় আসছেন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১২
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর আমন্ত্রণে তিনদিনের সরকারি সফরে আগামীকাল বুধবার ঢাকা আসছেন জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার মহাপরিচালক মি. লি ইয়ং।
 
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফরের অংশ হিসেবে ব্যাংকক মিশন শেষে আগামীকাল ভোরে তিনি ঢাকা পৌঁছবেন।
 
সফরকালে মি. লি ইয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি শিল্পমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ অর্থ, বাণিজ্য ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন।
 
তিনি শিল্প মন্ত্রণালয় আয়োজিত ‘এসডিজির নবম লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্প উন্নয়ন ( আইএসডিআই)’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখবেন।
 
এ ছাড়া তিনি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, সাভার চামড়া শিল্পনগরী এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।  নির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ শেষে তিনি ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন। বাসস
 
 
ইত্তেফাক/ইউবি