ঘাটাইলের ৫১ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে স্থায়ী জলাবদ্ধতা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ০১:৩১

সাম্প্রতিক ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ঘাটাইল উপজেলার ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও শ্রেণিকক্ষে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা হয়েছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উত্তরাঞ্চলসহ উজানের বিভিন্ন অঞ্চলের নদ-নদীর পানি কমতে শুরু করলেও এ উপজেলায় খুবই ধীর গতিতে পানি নামছে। সামান্য পানি কমলেও মাঝে মাঝে বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে আবার তা বাড়ছে। এ উপজেলার অধিকাংশ খাল ও নদ-নদী সংস্কার বা খনন না করায় ভরাট হয়ে যাওয়ায় বানের পানি সহজে ভাটির দিকে গড়তে পারছে না। ফলে উপজেলায় বর্তমানে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় পৌরসভার খরাবর গ্রাম, মাস্টারপাড়া, জামুরিয়া, দিঘলকান্দি, আনেহলা, লোকেরপাড়া, দেওপাড়া, ঘাটাইল ও রসুলপুর ইউনিয়নের বেশ কিছু কাঁচা-পাকা রাস্তা তলিয়ে যাওয়ায় অনেক পরিবার পানিবন্দি অবস্থায় দিন-যাপন করছে।  উপজেলা শিক্ষা অফিসার সেলিমা আখতার জানান, ৩১টি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি উঠায় ছোট শিশুদের কথা চিন্তা করে পঞ্চম শ্রেণি ছাড়া অন্যান্য ক্লাস সাময়িক বন্ধ রাখা হয়েছে। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় বর্তমানে পানিবন্দি অবস্থায় রয়েছে মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়। স্কুলটির পূর্ব পাশে চার/পাঁচটি শ্রেণিকক্ষে পানি প্রবেশ করায় ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না।

শ্রেণিকক্ষ সংকট থাকায় একটি ক্লাস রুমে বিভাগ ওয়ারি যেমন বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার তিনজন শিক্ষক ক্লাস নিচ্ছেন। এছাড়া রামপুর উচ্চ বিদ্যারয়ের দুটি শ্রেণিকক্ষে পানি প্রবেশ করেছে। বিদ্যালয়ের আঙিনায় বর্তমানে পানি থৈ থৈ করছে। এ মুহূর্তে সামান্য বৃষ্টি হলেই বাকি শ্রেণিকক্ষেগুলোতে পানি প্রবেশ করবে। বিদ্যালয়ের পূর্বাঞ্চলের শিক্ষার্থীদের স্কুলে আসার একমাত্র রাস্তাটি তলিয়ে যাওয়ায় তারা জামা-কাপড় ভিজিয়ে স্কুলে আসছে।

ইত্তেফাক/নূহু