কুষ্টিয়ায় দুটি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ০১:৩২


কুষ্টিয়া পৌরসভার আওতাধীন দুটি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার শহরের হরিশংকপুর রেলগেটের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা যায়, পৌরসভার অন্তর্গত জনগুরুত্বসম্পন্ন নুর উদ্দিন আহম্মেদ সড়কের লাহিনী বটতলা থেকে চাউলের বর্ডার পর্যন্ত ২ কিলোমিটার ও ইউসুফ আলী সড়কটি ভেঙে-চুরে যানবাহন চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়ায় সংস্কারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী ।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র মতিয়ার রহমান মজনু, সাবেক কমিশনার জিয়াউল হক জিয়া, মিলপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মূছা আলী খান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির প্রমুখ।

বক্তারা বলেন, পৌরসভার নির্ধারিত ট্যাক্স ও নাগরিক পরিষেবা সংক্রান্ত অন্যান্য খাতের সকল কর নিয়মিত পরিশোধ সত্ত্বেও পৌরসভা কর্তৃপক্ষ খানা-খন্দকে ভরা সড়ক দুটি সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে রাস্তার বেহাল দশার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে চরম।

এ বিষয়ে পৌর মেয়র আনোয়ার আলী মুঠোফোনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, পৌর এলাকাধীন ভাঙা-চোরা সকল রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে প্রকল্পসহ চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই সড়ক সংস্কারের কাজ শুরু হবে বলে তিনি জানান।

ইত্তেফাক/নূহু