মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় মো. মোফাজ্জ্বল হোসেন নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত মোফাজ্জ্বল মৌলভীবাজারের নারায়ন পাশা গ্রামের নাজিরাবাদ ইউনিয়নের মো. জিতু মিয়ার ছেলে। তিনি শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের সুরভী আবাসিক এলাকার বাসিন্দা। তিনি এনজিও সংস্থা আর.ডি.আর.এস-এ চাকরি করতেন। আর.ডি.আর.এস এর প্রোগ্রাম ম্যানেজার শাহাদুল হক তার পরিচয় নিশ্চিত করেন।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মোফাজ্জ্বল হোসেন বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে মৌলভীবাজার সড়কের ২নম্বর পুল সংলগ্ন এলাকায় উঠার সময় মাছবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ট্রাকের নিচ থেকে উদ্ধার করেন।
শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টার মো. রাব্বি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকসহ চালক মনিরামপুর থানারজানলা এলাকার আব্দুল খালেকের ছেলে আব্দুল আলীম লিটনকে আটক করেন।
ইত্তেফাক/কেকে
