কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নে বিএনপি থেকে আওয়ামী লীগে সদ্য যোগদান করেছেন ইউপি চেয়ারম্যান শেখ সিরাজ। তিনি আওয়ামী লীগে নাম লেখিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পক্ষের হয়ে দল গোছাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। শুধু তিনি নন, তার মতো অসংখ্য লোক গা বাঁচাতে আওয়ামী লীগে যোগ দিয়ে গোপনে বিএনপির পক্ষে কাজ করছেন বলে জানিয়েছেন অনেকে।
সোমবার সন্ধ্যায় আলামপুর ইউনিয়নের দহকোলা বাজারে মুক্তিযোদ্ধা অফিসের সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি দলীয় নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করার লক্ষে এক কর্মী সভার আয়োজন করা হয়। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভব্য প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আলামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগে সদ্য যোগদানকারী শেখ সিরাজ উদ্দিন চেয়ারম্যান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি মতিয়ার রহমান মতি, আলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুল মেম্বার, বিএনপি নেতা জানু মেম্বার, রবিউল ইসলাম ও ছাত্রদল নেতা ওলিউর রহমান প্রমুখ।
এদিকে আওয়ামী লীগে যোগদানকৃত বিএনপি নেতারা আবারো বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ায় এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরও বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে বলে জানা গেছে।
ইত্তেফাক/এএম।
