সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক জুনেদ আহমেদের হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরতলির মাইজবাড়ী বদিপুর পয়েন্টে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কায়ারে এসে মানবন্ধনে মিলিত হয়।
মাইজবাড়ী বদিপুর গ্রামবাসী এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন, বলুচান্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা শংকর চন্দ্র দাস প্রমুখ। জুনেদ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান বক্তারা।
বদিপুর বাজার থেকে শুক্রবার দিবাগত রাতে বাড়ি ফেরার সময় ছুরিকাঘাতে খুন হন জুনেদ। এ ঘটনায় জুনেদের শ্যালক আব্দুল মতিনকে গ্রেফতার করেছে পুলিশ।
