ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকায় বুধবার দুপুরে বাস চাপায় মা ও তার ২ সন্তান নিহত হয়েছেন। তারা হলেন- মা সাইমা আক্তার (৩৫), মেয়ে তারিনা আক্তার (১৩) এবং ছেলে তানভীর আহম্মেদ (৭)। নিহতদের বাড়ি দেলদুয়ারের নাল্লাপাড়া গ্রামে।
দেলদুয়ার থানার এএসআই মকবুল হোসেন জানান, সাইমা ওই গ্রামের প্রবাসী তারা মিয়ার স্ত্রী। তিনি ছেলে-মেয়ে নিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এসময় সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। পুলিশ বাসটি আটক করেছে।
এদিকে একই পরিবারের ৩জন নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
