সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর শহরে আইএসের ‘অবরোধ’ ভেঙ্গে সেখানে প্রবেশ করেছে সরকারি সৈন্য ও মিত্রবাহিনী। প্রায় তিন বছর ধরে এটি অবরোধ করে রেখেছিল আইএস জঙ্গিরা। বুধবার সেখানে সৈন্যরা প্রবেশ করতে পেরেছে বলে দামেস্কের স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ এই অবরোধ ভাঙ্গায় সৈন্যদের শুভেচ্ছা জানিয়েছেন। সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, রাশিয়ার বিমান বাহিনী সিরীয় সৈন্যদের এ কাজে সহায়তা করছে। সৈন্যরা এখন দেইর -আজ-যোরের কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, অগ্রগামী সৈন্যরা ১৩৭ ব্রিগেডের সঙ্গে যুক্ত হয়ে তারা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অন্য একটি সূত্র জানায়, সিরীয় সৈন্য ও লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ ওই শহরের আরো ভিতরে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এখন দেইর-আয-যোর বিমানবন্দরের দিকে অগ্রসর হচ্ছে।
সিরীয় সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আলী মাইহুব বলেছেন, ‘কয়েক দফা অভিযানের পর আমাদের সৈন্যরা সেখানে আইএসের অবরোধ ভাঙ্গতে সফল হয়েছে। রুশ বাহিনীর সহায়তায় তারা এ কাজে সফল হয়েছে। তিনি বলেন, এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে আমরা সামনে আরো সফলকাম হতে পারবো। এর মাধ্যমে দের-আয-যোরের শহরবাসী আইএসের দখলদারিত্ব থেকে মুক্তি পাবে। তিনি বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত খুশীর খবর যে আইএসের প্রতিরক্ষা ব্যবস্থা আমরা ভাঙ্গতে পেরেছি। এর মাধ্যমে আমরা জয়ের জন্য আরো এক ধাপ এগোতে পারলাম।
পূর্বাঞ্চলীয় সরকারি এ ছিটমহলটি ২০১৪ সাল থেকে অবরোধ করে রেখেছিল আইএস জঙ্গিরা। সেনাবাহিনীর একটি গ্যারিসনও রয়েছে সেখানে। প্রায় ৯৩ হাজার লোক বাস করে এই ছিটমহলটিতে। আল জাজিরা।
ইত্তেফাক/সাব্বির
