রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি সংখ্যা বাড়ানো হলেও গাড়ির চাপ কমেনি। বুধবার দৌলতদিয়া ফেরি ঘাট থেকে গাড়ির লাইন গোয়ালন্দ বাজার ছাড়িয়ে যায়।
শত শত গাড়ির কয়েক হাজার যাত্রীর দুর্ভোগ চরমে পৌঁছে। আরো তিন দিন এরকম গাড়ির চাপ থাকবে বলে কর্তৃপক্ষের ধারণা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৯টি ফেরি দিয়ে ঈদের বাড়তি গাড়ি পারাপার করা হলেও সকালে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ থেকে আরো দুটি ফেরি আনা হয়।
সকালে এই নৌপথে ছোট-বড় ২১টি ফেরি চলছিল। কিন্তু দুপুরে রো রো ফেরি শাহ আলী ও ইউটিলিটি চন্দ্রমল্লিকা যান্ত্রিক ক্রটির কারণে পাটুরিয়ায় বসিয়ে রাখা হয়। এতে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে গাড়ির লাইন গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড ছাড়িয়ে যায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, দুপুরে এই নৌপথের দুটি ফেরিতে যান্ত্রিক ক্রটি দেখা দেয়। ফেরি দুটি খুব দ্রুত বহরে যুক্ত হবে। গাড়ির চাপ আগামী শনিবার পর্যন্ত থাকবে।
ইত্তেফাক/রাজেশ
