হবিগঞ্জে হত্যা মামলায় ৬জনের যাবজ্জীবন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৫
 
হবিগঞ্জে হত্যা মামলায় ৬জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকেলে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন। এ সময় তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
 
সাজাপ্রাপ্তরা হলেন- চুনারুঘাট উপজেলার দুবারিয়া গ্রামের আব্দুল কাদির, ইব্রাহিম মিয়া, আব্দুল কাইয়ূম, ফরিদ মিয়া, সোহেল মিয়া ও ইসমাঈল মিয়া।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল উপজেলার দুবারিয়া গ্রামের আব্দুল কাদির এবং তার ভাতিজা নজরুল ইসলামের মধ্যে। এর জের ধরে ২০১৪ সালের ১০ অক্টোবর রাতে কাদির তার ভাতিজা নজরুলকে নিজ বাড়িতে যাওয়ার জন্য ফোন করেন। চাচার ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই নজরুল বেড়িয়ে যান। চাচার বাড়িতে পৌঁছা মাত্রই তাকে আসামিরা মারপিট করতে থাকেন। এ সময় তাকে গাছের সঙ্গে বেঁধে মারপিট করেন তারা। এক পর্যায়ে নজরুল ঘটনাস্থলেই মারা যান। নজরুলের মৃত্যু নিশ্চিত হলে তারা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা শাহেদা বেগম বাদী হয়ে ১১ অক্টোবর ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।
 
পুলিশ তদন্ত শেষে আদালতে ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উক্ত রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ।
 
ইত্তেফাক/ রাজেশ