হাতির পায়ের নিচে পড়ার পর সিংহের খাদ্যে পরিণত হয়েছেন সন্দেহভাজন গন্ডার চোরাশিকারি। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে এ ঘটনা ঘটেছে।
চোরাশিকারি সহযোগীরা ভুক্তভোগীর পরিবারকে জানিয়েছেন, মঙ্গলবারে হাতির কবলে পড়ে নিহত হয়েছেন তিনি। এরপর মৃত চোরাশিকারির পরিবার এই ঘটনা পার্কের কর্তৃপক্ষকে জানায়।
বৃহস্পতিবার একটি অনুসন্ধান দল নিহত চোরাশিকারির দেহাবশেষ খুঁজতে গিয়ে একটি খুলি এবং একটি ট্রাউজার বাদে অন্য কোনো কিছু পায়নি।
আরো পড়ুন: রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ
ব্যক্তির পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়ে পার্কের ব্যবস্থাপনা নির্বাহী বলেন, ‘ক্রুগার ন্যাশনাল পার্কে অবৈধভাবে বা পায়ে হেঁটে প্রবেশ করা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। এর ফলে অনেক বিপদ ঘটতে পারে এবং এই মৃত্যু সেটাই প্রমাণ করে।’
এশিয়ার দেশগুলোতে গন্ডারের শিং এর চাহিদা ব্যাপক। ক্রুগার ন্যাশনাল পার্কে অনেকদিন ধরেই চোরাশিকার সংক্রান্ত সমস্যা রয়েছে। শনিবার হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ প্রায় ২১ লাখ ডলার মূল্যের গন্ডারের শিংয়ের চোরাচালান আটক করেছে।
ইত্তেফাক/বিএএফ
