যশোরে নিখোঁজ কিশোর কাঠমিস্ত্রির লাশ নদী থেকে উদ্ধার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ২৩:২০

দু’দিন নিখোঁজ থাকার পর যশোরের কিশোর কাঠমিস্ত্রি আনোয়ারুল ইসলাম আনারের (১৫) লাশ শহরতলীর মুক্তেশ্বরী নদীর কচুরিপানার নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে পুলেরহাটের মহসিন মাস্টারের মাছের খামারের উত্তর পাশে মুক্তেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। আনোয়ারুল শহরতলির পুলেরহাটের কাছে তফসিডাঙ্গার জনৈক আলমগীর গাজির ছেলে।

হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমান মিজান নামে একজনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করেছে পুলিশ। খুন করার পর মিজান অনুশোচনায় বিষপান করেছিল।

নিহতের পিতা আলমগীর গাজী বলেন, একই এলাকার মিজানদের সঙ্গে জমি নিয়ে আমাদের বিরোধ রয়েছে। এরই জের ধরে সোমবার বিকেলের দিকে তার ছেলেকে মিজান বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

কোতোয়ালি থানার এস. আই. সুকুমার কুন্ডু বলেন, সোমবার রাতে মিজান ও তার সহযোগীরা আনারকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহটি মুক্তেশ্বরী নদীর কচুরিপানার নিচে রেখে আসে। এরপর রাতেই মিজান দুটি মোবাইল ফোন তার স্ত্রীর কাছে দেয়। ফোন দুটি সচল করতেও সে নিষেধ করে। এর কিছু সময় পর মিজান নিজে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। রাতেই তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মিজানের স্ত্রী  মোবাইল ফোন চালু করলে নিহত আনারের বোন তানিয়া একটিতে রিং করেন। মিজানের স্ত্রী ফোন ধরে জানতে পারেন এটা আনারের মোবাইল। এই ফোন কলের সূত্র ধরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন জায়গায়  খোঁজাখুঁজি করে নদী থেকে আনারের লাশ উদ্ধার করে।

ইত্তেফাক/নূহু