যশোরে ভেজাল সার কারখানা থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের এআর এগ্রো কেমিক্যাল কোম্পানির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০ প্যাকেট দস্তা সার জব্দ করে ধ্বংস করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, প্রতিষ্ঠানটির উৎপাদিত দস্তা সার চীন ও আমেরিকায় উৎপাদিত বলে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বাজারজাতকরণ, সারে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ট্রেডমার্ক কর্তৃপক্ষের অনুমোদন নেই। এছাড়াও কল-কারখানা পরির্দশকের ছাড়পত্র নেই, মান নিয়ন্ত্রণে ল্যাব ও কেমিস্ট নেই। প্রতিষ্ঠানটি বন্ধ থাকার কথা থাকলেও গোপনে সার উৎপাদন ও বাজারজাতকরণের প্রমাণ পাওয়া যায়। এজন্য প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৫০ প্যাকেট দস্তা সার জব্দ করে ধ্বংস করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সোহেল সেখ, যশোর সদরের কৃষি সম্প্রসারণ অফিসার সৌতম কুমার শীল ও আইনশৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ।
ইত্তেফাক/নূহু
