হাটহাজারীতে জন্মদাতা পিতাকে মারধরের ঘটনায় ছেলে মোঃ এমদাদ(২৭) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার উননেছা শিউলী।
দণ্ডপ্রাপ্ত এমদাদ উপজেলার ফতেয়াদ ছড়ারকুলের পূর্ব পাশের মাওলানা সোলায়মানের পুত্র।
জানা যায়, প্রায় প্রতিদিনই পিতামাতার কাছ থেকে টাকা নিয়ে এমদাদ নেশা করত। ০৫ সেপ্টেম্বর মঙ্গলবার টাকা না দেওয়ায় পিতাকে বেধড়ক মারধর করে এমদাদ। উপায়ন্তর না দেখে পিতা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত নেশাগ্রস্থ এমদাদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার উননেছা শিউলী ইত্তেফাককে জানান, দণ্ডিত এমদাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে।
মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর ঘটনা নিশ্চিত করে বলেন, দণ্ডিত এমদাদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
