মানিকগঞ্জ সদর উপজেলার রাওয়ান বিন রমজান ক্যাডেট স্কুল ও হিফজুল কোরআন মাদ্রাসা থেকে তামিম হোসেন (১৩) নামের এক আবাসিক ছাত্র ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে। বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর থানায় এ ঘটনায় ওই মাদ্রাসা ছাত্রের মা রুমা বেগম একটি সাধারণ ডায়েরি করেছেন।
তামিম হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের আউটপাড়া এলাকার হাসান মিয়ার ছেলে এবং রাওয়ান বিন রমজান ক্যাডেট স্কুল ও হিফজুল কোরআন মাদ্রাসার চতুর্থ শ্রেণীর আবাসিক ছাত্র।
এ ব্যাপারে রুমা বেগম সাংবাদিকদের জানান, ২৬ আগষ্ট বিকেলে মাদ্রাসার প্রিন্সিপাল মুঠোফোনে তামিমকে মাদ্রাসা এলাকায় খুঁজে না পাওয়ার বিষয়টি জানান। এরপর থেকে আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ খবর নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে বুধবার মানিকগঞ্জ সদর থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
রাওয়ান বিন রমজান ক্যাডেট স্কুল ও হিফজুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ দিদার এলাহি জানান, মাদ্রাসা থেকে মাঝে মাঝেই পালিয়ে চলে যেতো তামিম হোসেন। ২৬ তারিখ বিকেলে তাকে মাদ্রাসায় খুঁজে না পেয়ে তার মা রুমা বেগমকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করা হয়।
ইত্তেফাক/নূহু
