দেশে তৈরি হবে সোনালী শপিং ব্যাগ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ০০:০৯

দেশে তৈরি হতে যাচ্ছে পাটের তৈরি শপিং ব্যাগ। প্রধানমন্ত্রী নাম দিয়েছেন ‘সোনালী শপিং ব্যাগ’। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ ফয়জুর রহমান চৌধুরী, নেত্রকোনার মোহনগঞ্জে বুধবার পাট চাষে উদ্ধুদ্ধকরণ সভায় আলোচনাকালে এ কথা জানান।

হাওরাঞ্চলের কৃষকরা যাতে তাদের উৎপাদিত পাটের ন্যায্যমূল্যে পাট বিক্রি করতে পারে সে জন্য চলতি মৌসুমে মোহনগঞ্জে একটি পাট ক্রয় কেন্দ্র খোলার ব্যবস্থা করা হচ্ছে। এই উদ্যোগ অচিরেই বাস্তবায়ন করা হবে। এ জন্য সরকারকে সকলের সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, পাটের ব্যবসা করতে চাইলে পাট উৎপাদন বাড়াতে হবে। তিনি কৃষকদের বলেন, নিজেদের বীজ নিজেরা উৎপাদন করে সংরক্ষন করতে হবে, পাট চাষ করলে জমির উর্বরতা বাড়ে। ভবিষ্যতে কোন বীজ, সার নিয়ে কোন ডিলার দুর্নীতি করলে তাকে কোন ছাড় দেয়া হবে না। দুর্নীতিবাজরা দেশের শত্রু।

ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আকম শফিকুল হক, পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, বারহাট্টা সার্কেলের এএসপি শফিউল ইসলাম, কৃষক নেতা অ্যাডভোকেট আব্দুল হান্নান রতন, উপজেলা কৃষি অফিসার মোঃ মফিজুল ইসলাম নাফিজ, ব্যবসায়ী নিবারণ চন্দ্র সাহা প্রমুখ।

ইত্তেফাক/নূহু