ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীহাটে অভিযান চালিয়ে প্রভাবশালী এমপি দবিরুল ইসলামের ভাগিনা নয়ন (৪৫) ও তার সহযোগী ভুলুকে (৩৪) মাদকসহ আটক করেছে ডিবি পুলিশের একটি টিম।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টায় মাদকসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম।
নয়ন (৪৫) লাহিড়ী এলাকায় আলিম উদ্দিনের ছেলে ও ভুলু (৩৪) উপজেলার পাড়িয়া ইউনিয়ের এলাকার বাসিন্দা।
জানা গেছে, বালিয়াডাঙ্গী লাহিড়ীহাটে এমপি দবিরুল ইসলামের ভাগিনা নয়ন তার নিজস্ব চেম্বারে কয়েকজনসহ অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল নয়নের চেম্বারে তল্লাসী চালালে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। নয়ন ও তার সহযোগী ভুলুকে আটক করে পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে যায়।
স্থানীয় সরকার দলীয় লোকজন মাদক ব্যবসায়ী নয়নকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে পায়তারা করছেন বলে প্রত্যক্ষদর্শী সিরাজুল জানান।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক লাড়িহীহাটের কয়েকজন জানান, স্থানীয় এমপি’র ভাগিনা হওয়ার সরকার দলীয় ক্ষমতা অপব্যবহার করে নয়ন র্দীঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। কিন্তু ভয়ে তার বিরুদ্ধে এলাকায় লোকজন কথা বলতে রাজি হয় না। এই এলাকার নয়নের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগও বয়েছে বলে তারা জানান।
মাদক বিরোধী অভিযানে থাকা ডিবি পুলিশের উপ-পরিদর্শক নূর আলম জানান, ২ জনকে আটক করা হয়েছে। তাদেরকে ঠাকুরগাঁও ডিবি অফিসে নেওয়া হচ্ছে।
এমপি দবিরুল ইসলামের কাছে মুঠোফোনে ভাগিনা নয়নকে মাদকসহ গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তিনি ফোনটি রিসিভ করেননি।
বালিয়াডাঙ্গী আওয়ামী লীগের সাদেকুল ইসলাম নামে এক কর্মী জানান, নয়ন এমপি দবিরুল ইসলামের নিজ বোনের ছেলে। কিন্তু ওই পরিবারের সঙ্গে এমপি সাহেবের কোন যোগাযোগ নেই। মাদকের বিষয়ে এমপি সাহেব কাউকে প্রশয় দেন না।
ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম মাদকসহ ২ জনের আটকের কথা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
