গভীর রাতে গোয়াল ঘরে আগুন লেগে দুইটি গোয়ালঘর ও দুই কৃষকের আটটি গরু ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কাশিয়ানী উপজেলার ছোটখার কান্দি গ্রামে। কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজাইল ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, উপজেলার ছোটখার কান্দি গ্রামের মো. রাজিব শেখ ও তার চাচা আ. রউপ শেখের দুইটি পাশাপাশি গোয়াল ঘরে প্রতি দিনের মতো তারা সন্ধায় গরু ঘরে বেঁধে ঘুমিয়ে পড়েন। এসময় আ. রউফ শেখের গোয়াল ঘর থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়ে সেই আগুনে পুড়ে রাজিব শেখের পাঁচটি, তার চাচা রউফ শেখের তিনটি গরুসহ দুইটি গোয়াল ঘর ভস্মীভূত হয়েছে।
ছোটখারকান্দি গ্রামবাসী সুত্রে জানা যায়, কৃষক রাজিব শেখ যুব-উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে ব্রাক ও যুব উন্নয়ন অধিদফতর থেকে লোন নিয়ে গাভী পালন করে আসছিলো তাই গরু পাঁচটি হারিয়ে সে সর্বশান্ত হয়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শনে আসা কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম জানান, অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থদের সরকারি সহযোগিতা করা হবে।
ইত্তেফাক/কেকে
