নাটোরের সিংড়া উপজেলায় সালামত মোল্লা (৪৬) নামে এক মাছ চাষীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে তার বাড়ির অদুরে একটি কার্লভাটের কাছ থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। সালামত মোল্লা উপজেলার একশিংপাড়াই গ্রামের মৃত সাবেদ মোল্লার ছেলে।
সিংড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সালামত মোল্লা একজন মাছ চাষী। তিনি বেশ কয়েকটি পুকুরে মাছ করেন। প্রতিদিনের মতো গত রাতের কোনো এক সময়ে পুকুর দেখতে বাড়ি থেকে বের হয়ে যান। কিন্তু রাতে আর বাড়ি ফিরেননি।
আজ ভোর পাঁচটার দিকে স্থানীয় লোকজন বাড়ির অদূরে একটি কার্লভাটের কাছে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহটি উদ্ধার করেছেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে কার্লভাটের কাছে ফেলে রেখে গেছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
ইত্তেফাক/কেকে
