ধুনটে অটোরিকশার ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১২:২৬
 
বগুড়ার ধুনট-গোসাইবাড়ি সড়কের বড়বিলা বাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আব্দুল প্রামানিক (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৫টার দিকে তার মৃত্যু হয়। আব্দুল প্রামনিক ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শহড়াবড়ি গ্রামের আয়েজ উদ্দিন প্রামানিকের ছেলে। 
 
ধুনট থানায় অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার দিবাগত রাত ১০ টার দিকে বড়বিলা বাজার এলাকায় রাস্তা পারাপার সময় ধুনটগামী সিএনজি চালিত একটি অটোরিকশার ধাক্কায় আহত হন আব্দুল প্রামানিক। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
 
তবে ‌‌দুর্ঘটনাস্থল থেকে ঘাতক অটোরিকশাটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার পর থেকে অটোরিকশার চালক পলাতক রয়েছে।
 
ইত্তেফাক/কেকে