দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৩
 
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
 
এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 
 
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তারাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
 
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৪২ মিনিটে। -বাসস
 
ইত্তেফাক/কেকে