বগুড়ার ধুনটে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে এক বিধবা নারীকে কুপিয়ে জখম করেছে তার দেবর আজগর আলী (২৮)। এ ঘটনায় বৃহস্পতিবার সকালের দিকে বখাটে আজগর আলীর বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন বছর আগে ওই নারীর স্বামী মৃত্যু বরণ করেন। এরপর তিন সন্তান নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করেন ওই নারী।
এদিকে, বড় ভাইয়ের মৃত্যুর পর ভাবির প্রতি কুদৃষ্টি পড়ে দেবর আজগর আলীর। সুযোগ পেলেই ভাবিকে কুপ্রস্তাব দেন দেবর। এ বিষয় নিয়ে পারিবারিক ভাবে কয়েক দফা বৈঠক হওয়ায় ক্ষুদ্ধ হন আজগর আলী। এক পর্যায়ে বুধবার দিবাগত রাত ৮টার দিকে ভাবিকে ধর্ষণের চেষ্টা করে আজগর আলী। কিন্তু শারীরিক শক্তিতে না পেরে আজগর আলী ক্ষুদ্ধ হয়ে ভাবিকে কুপিয়ে জখম করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাতেই ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ওই নারীর ভাবি শাহেদা খাতুন বাদী হয়ে আজগর আলীর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন। ঘটনার পর থেকে আজগর আলী পলাতক রয়েছে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এমআর
