মিরপুর মাজার রোডের বর্ধনবাড়ি এলাকার জঙ্গি আস্তানার বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ ও নৈশপ্রহরী সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মোহাম্মদ মুফতি মাহমুদ খান বৃহস্পতিবার জানান, তাদের একটি নিয়মিত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার সকাল থেকে র্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ওই ভবনে প্রবেশ করে তল্লাশি শুরু করে। এ সময় সেখান থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
মুফতি মাহমুদ আরো বলেন, বুধবার রাত থেকে ভবনটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছিল। কিছু স্থানে অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আবার অভিযান শুরু হয়। ভবনটিতে এখনো প্রচুর আইইডি ও বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। সেখান থেকে বেশ কিছু ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমআর
