জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাদারগঞ্জ উপজেলার ফুলজোর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের রাশেদুল (৩৫) ও সোবহান (৪০)।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোর গ্রামের আলফাজের পুত্র রাশেদুল ও আবু তালেবের পুত্র সোবহানের সঙ্গে একই গ্রামের জহুরুল মেব্বারের পরিবারের বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত মঙ্গলবার জহুরুল মেম্বারের সঙ্গে রাশেদুল ও সোবহানের বাকবিতণ্ডা হয়।
এর জের ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জহুরুল মেম্বারের লোকজন রাশেদুল ও সোবহানের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীদের আঘাতে রাশেদুল ও সোবহান গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
