রাজশাহীতে গৃহবধূকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪৫

রাজশাহী মহানগরীতে রেখা বেগম (৪৫) নামের এক গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী গৃহবধূ নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকার কামরুল হুদার স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর শাহ্ মখদুমের দরগায় এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

রেখাকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার দায়ে অভিযুক্ত তার বান্ধবী ফেরদৌসিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। তার বাড়ি নগরীর দরগাপাড়া এলাকায়।

আহতের বড় ভাই নওশাদ আলী জানান, তার বোন রেখার ঘনিষ্ঠ বান্ধবী ফেরদৌসি। ফেরদৌসির সাথে রেখার স্বামীর গত ৭ বছর ধরে অবৈধ পরকীয়া প্রেমের সম্পর্ক চলছে। রেখা বিষয়টি জানতে পেরে তাকে নিষেধ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয় তার বান্ধবী ফেরদৌসি।

এদিকে, বৃহস্পতিবার দরগায় নামাজ পড়তে যান রেখা। সেখানে মাগরিবের নামাজ ও দরগা মাজার জিয়ারত শেষে বেরিয়ে যাওয়ার সময় ওৎ পেতে থাকা ফেরদৌসি তার শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে তার শরীরে আগুন লেগে তা সারা শরীরে ছড়িয়ে পড়ে।

এ সময় আগুন থেকে বাঁচার জন্য রেখা দৌড়ে গিয়ে পার্শ্বের পদ্মা নদীতে ঝাপ দেন। পরে মাঝিরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করে। তার শরীরের পেছনের অংশসহ বেশির ভাগ অঙ্গ পুড়ে গেছে বলে চিকৎসকরা জানিয়েছেন। সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১০ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তার ড্রেসিং চলছিল বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি আমানুল্লাহ বলেন, অভিযুক্ত নারী ফেরদৌসিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু