নীলফামারীর ডোমার উপজেলায় অতুল চন্দ্র রায় (৬০) নামে এক বৃদ্ধ গৃহকর্তাকে শ্বাসরোধে হত্যা করে তার বাড়িতে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বোগাড়াড়ি ইউনিয়নের নয়ানী বাগডোগড়া মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অতুল চন্দ্র ওই এলাকার বিষ্টু রাম রায়ের ছেলে। এঘটনার তার স্ত্রী দেব বালা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ে করেছেন।
অতুল চন্দ্র রায়ে মেয়ে দিপালি রানীর ছেলে (নাতি) সুমন চন্দ্র রায় (১৫) বলেন, দুপুরে আমার মামিকে আনতে তার বাবার বাড়ি ডিমলা উপজেলার ডালিয়ায় যায় নানী। দুপুর হতে নানা বাসায় একা ছিল। আমি সন্ধ্যা সাত টার সময় নানার সাথে ঘুমানোর জন্য সেখানে যাই। নানা বাড়ির বাইরের দরজা বন্ধ দেখে আমি নানাকে ডাকাডাকি করি। কিন্তু কোন সাড়া না পেয়ে বাড়ির দেওয়াল পেরিয়ে ভিতরে ঢুকে দেখি বাইরের সব চেয়ার-টেবিল ছড়ানো-ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। ঘরের ভিতরে প্রবেশ করেই দেখি মুখে টেপ ও হাত শাড়ি দিয়ে বাঁধা অবস্থায় আমার নানা মেঝেতে পড়ে আছে। আমি চিৎকার করলে আশপাশের সবাই এসে মুখের টেপ ও হাতের বাঁধন খুলে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার নানার মৃত্যুর কথা জানান।
অতুল চন্দ্রের স্ত্রী দেব বালা আর্তনাদ করে বলেন, ছেলের শুশুর বাড়িতে আমার স্বামীর মৃত্যু ও ডাকাতির খবর পেয়ে দ্রুত চলে আসি। আমি থাকবো না ও আমার স্বামী ওই সময় বাড়িতে একা থাকবে একথা যারা জানে এমন কোন ব্যক্তিই হয়তো এ কাজ করেছে। তিনি বলেন, ঘরের সকল জিনিসপত্র তছনছ করে ৬৪ হাজার টাকা ডাকাতি হয়েছে।
রাতেই জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক চন্দ্র রায় ও থানার অফিসার্স ইনচার্জ মো. মোকছেদ আলী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠানো হয়েছে। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।
ইত্তেফাক/এমআই
