শরীয়তপুরে ক্ষতিগ্রস্ত ৫৫০ পরিবারের মাঝে আইজিপির ত্রাণ বিতরণ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৬
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
 
জেলার নড়িয়া উপজেলার পদ্মা তীরবর্তী নদীভাঙ্গন কবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৫টি ইউনিয়নের ৫৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুলিশের ত্রাণ তহবিল থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 
 
বৃহস্পতিবার সন্ধ্যায় নড়িয়া শহীদ মিনার চত্বরে আইজিপি একেএম শহীদুল হক প্রধান অতিথি হিসেবে দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্য তেল, পিয়াজ, আলু, চিড়া, গুড় ও শুকনা মরিচ।
 
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, যে কোন দুর্যোগ মোকাবেলায় এবং দুর্গতদের সহায়তায় বাংলাদেশ পুলিশ সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও পুলিশ বাহিনী দুর্গতের পাশে থাকবে। 
 
নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবুসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বাসস।
 
ইত্তেফাক/রেজা