ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে মানুষের ভিড় বেড়েছে পিরোজপুরের কাউখালী স্টিমার ও লঞ্চ ঘাটে। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত স্টিমার ও লঞ্চে যাত্রীদের বাড়তি চাপ ছিল চোখে পড়ার মতো। অতিরিক্ত ভাড়া ও অতিরিক্ত যাত্রী পরিবহন করায় কাউখালীসহ দক্ষিণাঞ্চলের কর্মস্থলে ফেরা যাত্রীদের এবারও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
লঞ্চ-স্টিমারে তিল ধারণের ঠাঁই নেই। জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। কাউখালী লঞ্চঘাট ও স্টিমার ঘাটে শুক্রবার ঢাকামুখী কত যাত্রী কর্মস্থলে ফিরে গেছেন তার সঠিক হিসাব রাখা কারও পক্ষে সম্ভব হয়নি। তবে কাউখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় পাঁচটি লঞ্চও একটি স্টিমার। ঈদের পর কয়েক দিন দক্ষিণাঞ্চলের নৌপথে যাত্রীদের তেমন ভিড় না থাকলেও দুই দিন ধরে ভিড় বাড়তে থাকে। শুক্রবার থেকে তা আরও বেড়েছে।
কাউখালী রাজাপুর, স্বরূপকাঠি, ঝালকাঠী একাংশের হাজারো মানুষ কাউখালী লঞ্চ স্টেশন থেকে যাতায়াত করে থাকে। এ কারণে ভিড় একটু বেশি বলে সংশ্লিষ্টরা জানান।
ইত্তেফাক/জামান
