উত্তরায় গায়ে আগুন ধরিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৪
রাজধানীর উত্তরায় স্বামীর সঙ্গে ঝগড়া করে এক গৃহবধূ নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তার নাম তানিয়া আক্তার। দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 
 
শুক্রবার সকাল ৮টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৩ নং রোডের ৩ নং হাউজের ৭ম তলায় এ ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ ওই গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। 
 
দগ্ধের স্বামী উমেদ আলী জানান, স্ত্রী তানিয়া ও তিন সন্তান নিয়ে উত্তরার বাসায় থাকেন। তিনি জমির ব্যবসা করেন। বিভিন্ন কারণে প্রায় তাদের মাঝে ঝগড়া হয়। বাসার টিভি নষ্ট নিয়ে শুক্রবার সকালেও তাদের মধ্যে ঝগড়া বাধে। এ সময় তানিয়া রান্না ঘরে থাকা কেরোসিন গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকারে রান্না ঘরে গিয়ে আগুন নিভিয়ে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করান। 
 
দগ্ধ তানিয়া বলেন, বিভিন্ন সময় তাদের মধ্যে বিভিন্ন কারণে ঝগড়া হয়। শুক্রবার সকালেও ঝগড়া হলে ক্ষোভে নিজ গায়ে তিনি আগুন ধরিয়ে দেন। বার্ন ইউনিটের চিকিৎসরা জানিয়েছেন, তানিয়ার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। 
 
উত্তরা পশ্চিম থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
 
 
 
ইত্তেফাক/ইউবি