হবিগঞ্জে নৌকা ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ২২:১২
 
মাধবপুর উপজেলা সদরের সোনাই নদীতে নৌকা ডুবে শ্রাবন্তি (৬)  ও  মুক্তা (১২) নামে দুই  শিশুর মৃত্যু এবং কমপক্ষে ২০জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের লোকজন একটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে  মাধবপুরের মুরাদপুর গ্রামের একটি বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিলেন।
যাবার সময় সোনাই নদীর সেতুর কাছে পৌঁছালে নৌকাটি পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই  মারা যায় বিন্নিঘাট গ্রামের  আব্দুল হাইয়ের মেয়ে শ্রাবন্তি ।
একই গ্রামের  মুক্তা নামে এক শিশুকে আশংকাজনক অবস্থায় স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন । তার বাবার নাম জানা যায়নি।
 
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ।
 
ইত্তেফাক/ রাজেশ