'বাসযোগ্য পরিবেশ গড়ার লক্ষ্যে প্রত্যেককে গাছ লাগাতে হবে'

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৬
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, খাদ্যের নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও বসবাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেক নাগরিকের গাছ লাগাতে হবে। অন্যথায় প্রকৃতি ও পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে।
 
তিনি বলেন, দেশের নাগরিকদের সুস্থ ও সুন্দর জীবন যাপনে বর্তমান সরকার বদ্ধপরিকর। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। খাদ্য নিরাপত্তা এবং সবুজ বনায়নে দেশকে সাজাতে উদ্যোগ গ্রহণ করছে সরকার।
 
খাদ্য উৎপাদনে আধুনিক যন্ত্র ব্যবহার, বৃক্ষ রোপণ, বীজ বিতরণসহ কৃষকদের উদ্বুদ্ধ করতে ব্যাপক কর্মসূচী হাতে নিয়ে শহর ও গ্রামে কাজ করে যাচ্ছে। এ অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন বলে তিনি মনে করেন।
 
শুক্রবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত 'ফলদ বৃক্ষমেলা-২০১৭' এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. খায়রুল আমিন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌর মেয়র সিরাজুজব্বার, গোলাপগঞ্জ উপজেলা নার্সারি মালিক কল্যাণ সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব, কোষাধ্যক্ষ শেখ আব্দুল হাই, সদস্য আব্দুল করিম, মো. বশর উদ্দিন। অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা নার্সারি মালিক কল্যাণ সমবায় সমিতির পক্ষ থেকে জাতীয় পুরস্কার প্রাপ্ত সিলেট নার্সারির পরিচালক মলয় লাল ধর এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আয়োজিত মেলায় লিমন নার্সারি, আলী নার্সারি, নাঈম নার্সারি, লাকী নার্সারিসহ সরকারী স্টল অংশ গ্রহণ করছে। মেলা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
 
ইত্তেফাক/জামান