কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি থেকে রহস্যজনকভাবে দুটি তরবারি চুরি মামলার এক আসামিকে অবশেষে দেড় বছর পর পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার কুমারখালি থানার পুলিশ উপজেলার শিলাইদহ গ্রাম থেকে আসামি আব্দুল মান্নানকে (৫০) গ্রেফতার করে। ধৃত আব্দুল মান্নান এনজিও কর্মী বলে পুলিশ জানায়। এদিকে আসামি গ্রেফতার হওয়ায় দীর্ঘদিন ঝুলে থাকা মামলার অগ্রগতি ও দুটি তরবারি চুরির রহস্যজট খুলবে বলে পুলিশ ধারণা করছে।
পুলিশ জানায়, ২০১৬ সালের ৩০ মার্চ শিলাইদহের কুঠিবাড়ির দ্বিতীয়তলার ২০১ নম্বর কক্ষের আলমারি থেকে পাঁচটি তরবারির মধ্যে দুটি চুরি হয়। ওই ঘটনায় কাস্টোডিয়ান মখলেচুর রহমান বাদী হয়ে কুমারখালি থানায় মামলা করেন। মামলাটি দীর্ঘদিন ধামাচাপা পড়ে ছিল। তবে ওই মামলার এক আসামি গ্রেফতার হওয়ায় তরবারি চুরির রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের চিহ্নিত করা সম্ভব হবে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
আব্দুল মান্নান দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি শাপলা সমাজ উন্নয়ন সংস্থা নামক এনজিও পরিচালক ছিলেন। তার বাড়ি কুমলাখারী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে। পুলিশ এরিপোর্ট লেখা পর্যন্ত চুরি যাওয়া তরবারি দুটির সন্ধান করতে পারেনি। এদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতাধীন কুঠিবাড়ির অভ্যন্তরে আলমারিতে তালাবদ্ধ অবস্থায় পাঁচটি তরবারির মধ্যে দুটি তরবারি চুরি ঘটনাটি রহস্যজনক বলে পুলিশ প্রথম থেকেই সন্দেহ করে আসছিল।
কুমারখালি থানার ওসি আব্দুল খালেক জানান, তরবারি চুরির ঘটনায় দায়েরকৃত মামলার আসামি আব্দুল মান্নানকে আটকের সত্যতা স্বীকার করেন। পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আসামীকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে তরবারি চুরি মামলার অগ্রগতি হবে বলে ওসি জানান।
ইত্তেফাক/জামান
