ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঢাকামুখী যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার পুলিশ ও মির্জাপুর থানা পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট শুরু হয়। শনিবার মহাসড়কের মির্জাপুর বাইপাস, দেওহাটা ও জামুর্কী এলাকায় গিয়ে দেখা গেছে, যানজটে স্থবির হয়ে পড়েছে পুরো মহাসড়ক। ফলে ঈদ শেষে কর্মস্থলে যাওয়া যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, এ মহাসড়কের যানজটের অন্যতম কারণ হচ্ছে, ঈদ শেষে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার লেন প্রকল্প ও দীর্ঘদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে বেশির ভাগ রাস্তায় খানা-খন্দের সৃষ্টি হওয়ায় এ যানজটের সৃষ্টি হচ্ছে। চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত এই ৭০ কিলোমিটার মহাসড়কের অধিকাংশ স্থানে পিচ ঢালাই উঠে ছোট বড় অসংখ্য খানা-খন্দক সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান জানান, রাতে মহাসড়কের উপজেলার মির্জাপুর আছিমতলা ও পুষ্টকামুরি চরপাড়া বাইপাস এলাকায় পৃথক পৃথক বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়ে দুই পাশে তীব্র যানজট শুরু হয়। এছাড়া মহাসড়কের জামুর্কী ও পাকুল্লা এবং কালিয়াকৈর রেলওয়ে ওভার পাস ব্রিজের উপর পর পর কয়েকটি মালবাহী ট্রাক বিকল হয়ে মহাসড়কের দুই পাশে যানজট শুরু হয়। থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ খবর পেয়ে বিকল হওয়া ট্রাকগুলো সরানোর চেষ্টা করেছে।
ইত্তেফাক/জামান
