রাজশাহীতে হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৩
 
রাজশাহীতে ডিজিটাল ইকোনমিক হাব হিসেবে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
আগামী ১৪ সেপ্টেম্বর রাজশাহী সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্কের মূল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
 
প্রতিমন্ত্রী বলেন, মহানগরীর জিয়ানগর এলাকায় ৩১ দশমিক ৬৩ একর জমিতে ২৮১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে পার্কটি নির্মাণ করা হবে। গত বছরের জুলাই থেকে পার্ক নির্মাণ এলাকায় অবকাঠামো উন্নয়ন কাজ শুরু হয়েছে। ২০১৯ সালের জুনে এই পার্ক নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই পার্কে প্রায় ১৪ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
 
IMG0
 
তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি (রুয়েট), রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজের মতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে। প্রধানমন্ত্রী ২০১১ সালে রাজশাহীতে এক সমাবেশে এই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এই হাই-টেক পার্ক নির্মাণের প্রতিশ্রুতি দেন। এখন আমরা তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি।
 
ইত্তেফাক/ আরকেজি